আদালতের হাজতখানায় আসামিদের নামাজের জন্য দেওয়া হলো জায়নামাজ

আদালত প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৬:৫৫ পিএম
আদালতের হাজতখানায় আসামিদের নামাজের জন্য দেওয়া হলো জায়নামাজ

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের হাজতখানায় আসামিদের নামাজ আদায়ের সুবিধার্থে জায়নামাজ বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে সিজেএম মো. সাজ্জাদুর রহমান নিজে উপস্থিত থেকে জায়নামাজ বিতরণ করেন। পরে তিনি হাজতখানা পরিদর্শন করেন। পাশাপাশি তিনি আসামিদের সঙ্গে কথা বলে সার্বিক খোঁজখবর নেন।

এ সময় ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ উপস্থিত ছিলেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ইনচার্জ পুলিশের উপপরিদর্শক হুমায়ুন কবির বলেন, হাজতখানায় আসা আসামিদের নামাজের সুবিধার্থে সিজেএম আদালত জায়নামাজ প্রদান করেছেন। নামাজের সময় হলে আমরা আসামিদের কাছে জায়নামাজ পৌঁছে দেব।

এ ছাড়া, তিনি আসামিদের সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিয়েছেন।

ইএইচ