চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানে গুলিবিদ্ধ হয়ে পর্যটনকর্মী আবুজর শেখ (২৪) নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
গত ১৮ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) এসআই ইসরাইল হোসেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন শাখায় এই চার্জশিট জমা দেন।
শুক্রবার গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে চার্জশিটটি আমলে নেওয়ার বিষয়ে আদালতে এখনও শুনানি হয়নি বলে তিনি জানান।
চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক সংসদ সদস্য মির্জা আজম এবং আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
চার্জশিটে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, আসামিরা পরস্পর যোগসাজশে বে-আইনিভাবে জনতাবদ্ধ হয়ে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে বল ও উগ্রতা প্রয়োগ করেছেন। ঘটনাস্থলে উপস্থিত থেকে প্ররোচনা প্রদানের মাধ্যমে হত্যাকাণ্ড সংঘটিত করায় তাদের বিরুদ্ধে আনীত অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় গুলশানের প্রগতি সরণির বারিধারা জেনারেল হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল চলাকালে আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা নির্বিচারে গুলি চালায়। এতে আবুজর শেখ গুরুতর গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় গত বছরের ১৬ নভেম্বর নিহতের মা ছবি খাতুন বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। বর্তমানে বিচারপতি মানিকসহ তিন আসামি কারাগারে রয়েছেন। অন্যদিকে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ পলাতক ২২ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন