আইনমন্ত্রী

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম এখন শূন্যের কোঠায়

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ১০:৪২ পিএম
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম এখন শূন্যের কোঠায়

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুমের ঘটনা এখন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 

বুধবার রাজধানীর ঢাকা ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এল.এল.এম. লইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দেশে গায়েবি ও মিথ্যা মামলা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। এসব অগ্রগতি বজায় রাখতে এবং দেশে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, ফৌজদারি কার্যবিধির ১৭৩(এ) ধারাটি মানুষের অধিকার রক্ষায় একটি কার্যকর ব্যবস্থা হিসেবে কাজ করছে।

মিথ্যা মামলার কারণে সৃষ্ট হয়রানি প্রসঙ্গে মন্ত্রী বলেন, শত শত মানুষের বিরুদ্ধে ঢালাও মামলা হওয়ার ফলে পুলিশ রিপোর্টের অপেক্ষায় থেকে অনেকে ব্যবসায়িক কাজ বা বিদেশ ভ্রমণের সুযোগ হারাতেন। এই সমস্যা সমাধানে উচ্চতর পুলিশ কর্তৃপক্ষের মাধ্যমে অন্তর্বর্তীকালীন পুলিশ রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

উপস্থিত আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনৈতিক দর্শন যাই হোক না কেন, দিনশেষে আমাদের লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা করা। সঠিক মানবিক মূল্যবোধ, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে দেশে মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হবে।

ডুলার সভাপতি অ্যাডভোকেট শেখ আলী আহমেদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুল ইসলামসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন।

জেএইচআর