জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় গ্রেপ্তারকৃত সাবেক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে ঢাকা মহানগর আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জানান, এই আসামি বিগত সরকারের সময় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাঁকে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করলেও আদালত তা নাকচ করে দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা নির্বিচারে গুলি চালায়।
অভিযোগ রয়েছে, আফজাল নাছেরের নির্দেশেই এই হামলা চালানো হয়। গুলিতে গুরুতর আহত দেলোয়ার হোসেনকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং পরে শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই তিনি মারা যান। ওই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়।
রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করেছে, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে আসামির জড়িত থাকার পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে। হত্যার মূল রহস্য উদঘাটন এবং অন্য সহযোগীদের চিহ্নিত করতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
এর আগে সোমবার ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন