জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। আলোচিত এ মামলায় মোট ৩০ আসামির বিরুদ্ধে সিদ্ধান্ত দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
অভিযুক্তদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদ, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়সহ আরও অনেকে রয়েছেন।
মামলার ৩০ আসামির মধ্যে বর্তমানে ৬ জন গ্রেপ্তার অবস্থায় রয়েছেন এবং তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অন্যদিকে বাকি ২৪ জন এখনও পলাতক।
রাষ্ট্রপক্ষ জানিয়েছে, সাক্ষীদের জবানবন্দি এবং দালিলিক প্রমাণের ভিত্তিতে তারা অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেছেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে ৬ আগস্ট অভিযোগ গঠন এবং ২৭ আগস্ট থেকে বিচার কার্যক্রম শুরু হয়। তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছেন।
এ রায়কে কেন্দ্র করে আইনাঙ্গনসহ বিভিন্ন মহলে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন