প্রায় দুই হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম এবং তার স্বামীর সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহে বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাঈদা মুনা তাসনিম। তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ ওঠার পর গত বছরের জুনে অনুসন্ধান শুরু করে দুদক।
অভিযোগ অনুযায়ী, তার স্বামী তৌহিদুল ইসলাম চৌধুরী, যিনি জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান, তার সঙ্গে যোগসাজশে ১২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও একাধিক ভুয়া কোম্পানির মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় দুই হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে। এ সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য এনবিআর, বিএফআইইউসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে চিঠি পাঠানো হয়েছে। তলব করা হলেও তারা এখনো দুদকে হাজির হননি।
অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধেও বিভিন্ন দুর্নীতির অভিযোগে তদন্ত চালাচ্ছে দুদক। গাবতলী হাট ইজারা ও ই-রিকশা প্রকল্পসহ বিভিন্ন খাতের নথিপত্র সংগ্রহ করে তা যাচাই-বাছাই করা হচ্ছে।
ইতোমধ্যে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মোহাম্মদ এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন