দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার প্রেক্ষিতে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার আয়কর সংক্রান্ত নথিপত্র জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
সোমবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং অর্থপাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত প্রায় ১ কোটি ৮২ লাখ টাকার অপ্রদর্শিত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার প্রমাণ পাওয়া গেছে।
এছাড়া, তার ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ৫১০ কোটি ৩৭ লাখ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য উঠে এসেছে, যা স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে সম্পন্ন হয়েছে বলে অভিযোগে বলা হয়।
দুদক আরও জানায়, সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে অভিযুক্তের নামীয় আয়কর নথির মূল ও অন্যান্য সংশ্লিষ্ট অংশসহ প্রয়োজনীয় সব ধরনের তথ্য ও রেকর্ড জব্দ করা জরুরি।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন