রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া বিমান বিধ্বস্তে শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ মোট ১৬ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা এই আবেদন দাখিল করেন। আবেদনের পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখেন।
বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, এয়ার কমান্ডিং অফিসার মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, ম্যানটেন্যান্স গ্রুপের অফিসার কমান্ডিং ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নুরনবী, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোহাম্মদ জিয়াউল আলম, প্রশাসনিক প্রধান মো. মাসুদ আলম, স্কুল শাখার প্রধান রিফাত নবী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ফিল্ড সুপারভাইজার (উত্তরা), শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সিদ্দিক জুবায়ের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, এবং সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. রিজওয়ানা হাসান ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম।
উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ এই দুর্ঘটনায় মোট ৩৬ জন নিহত হন, যাদের মধ্যে ২৮ জনই ছিল শিক্ষার্থী।
এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি গত ৫ নভেম্বর তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষণরত পাইলটের উড্ডয়নজনিত ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনা ঘটে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন