আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বিচারকদের উদ্দেশে বলেছেন, বিচারিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে একজন বিচারককে চিন্তা ও চেতনায় সবসময় স্বাধীন থাকতে হবে। একই সঙ্গে তিনি জনপ্রিয় সিদ্ধান্তের চেয়ে সঠিক সিদ্ধান্ত দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত বিচার বিভাগীয় কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের ওপর সাধারণ মানুষের ভরসা ও বিশ্বাসের জায়গা শক্তিশালী করতে হবে। প্রধান বিচারপতির বাসভবন যেন মানুষের কাছে শ্রদ্ধা ও আস্থার প্রতীক হয়ে ওঠে, সেটিও তিনি প্রত্যাশা করেন। একই সঙ্গে তিনি বলেন, বিচার বিভাগ কোনোভাবেই মানুষের ক্ষোভ বা আক্রমণের কেন্দ্রে পরিণত হোক, তা কাম্য নয়।
বিচারকদের স্বাধীনতা ও পেশাদারিত্বের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী আরও বলেন, বিচারকদের কোনো দাবি বা বক্তব্য থাকলে তা সুপ্রিম কোর্ট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে দেখবে। তবে তিনি আবারও সবাইকে সঠিক ও ন্যায়ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বক্তারা বিচারিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন