বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান অ্যাডহক কমিটি স্থগিত চেয়ে করা রিট আবেদনের শুনানির জন্য আগামী ২১ মে দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
সোমবার সকালে বিচারপতি ফাতেমা নজীবের বেঞ্চে রিটকারীদের পক্ষে দ্রুত শুনানির আবেদন করলে আদালত বৃহস্পতিবার দুপুরে শুনানির সময় ঠিক করেন।
গত সপ্তাহে বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদসহ ১২ জন সাবেক পরিচালক এই রিট দায়ের করেন। আবেদনে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ গত ৭ এপ্রিল নির্বাচিত বিসিবি কমিটি ভেঙে দিয়ে যে অ্যাডহক কমিটি গঠন করেছে, তা আইনগত কর্তৃত্ববহির্ভূত। একই সঙ্গে নির্বাচিত কমিটিকে পুনর্বহালের আবেদনও জানানো হয়েছে।
রিটে যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালসহ সংশ্লিষ্ট কয়েকজনকে বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, অনিয়মের অভিযোগে গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির নির্বাচিত বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। পরে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়, যার মেয়াদ তিন মাস। এই কমিটির অধীনেই আগামী ৭ জুন বিসিবির নতুন নির্বাচন হওয়ার কথা রয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন