পাঁচ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৩ হাজার ৭২০ কল

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ৮, ২০২৬, ১২:৪৮ এএম
পাঁচ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৩ হাজার ৭২০ কল

চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সুপ্রিম কোর্টের হেল্পলাইনে সারা দেশ থেকে মোট ৩ হাজার ৭২০টি কল এসেছে। এর মধ্যে ৩৭৬ জন আইনি পরামর্শ গ্রহণ করেছেন এবং ৭২৯ জন বিভিন্ন মামলার তথ্য জানতে যোগাযোগ করেছেন।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, কলকারীদের প্রয়োজনীয় তথ্য ও সেবা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে।

তিনি বলেন, এ সময়ে সুপ্রিম কোর্ট ও জেলা আদালত-সংক্রান্ত অনিয়ম, দায়িত্বে অবহেলা, সেবা পেতে বিলম্ব এবং অসদাচরণ নিয়ে মোট ৬৮টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ৫৭টি অভিযোগ ছিল আইনি সেবা পেতে বিলম্ব, নথি হারিয়ে যাওয়া এবং মামলা দ্রুত নিষ্পত্তি-সংক্রান্ত।

এসব অভিযোগের মধ্যে নথি নিখোঁজের একটি বিষয়ে এখনও কার্যক্রম চলমান রয়েছে। বাকি অভিযোগগুলোর সমাধান করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহির আওতায় আনা হয়েছে।

গণসংযোগ কর্মকর্তা আরও জানান, অবশিষ্ট ১১টি অভিযোগ বিভিন্ন ধরনের অনিয়ম, দায়িত্বে অবহেলা ও অসদাচরণ সম্পর্কিত। এর মধ্যে হাইকোর্ট বিভাগের একজন বিচারকের বিরুদ্ধে একটি, জেলা আদালতের বিচারকদের বিরুদ্ধে সাতটি এবং জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে তিনটি অভিযোগ পাওয়া যায়। বিচারকদের বিরুদ্ধে আসা সাতটি অভিযোগের মধ্যে চারটি প্রাথমিক পর্যায়েই নিষ্পত্তি করা হয়েছে। অন্যান্য অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে মোট ৪৩২টি কল আসে। তবে এসব অভিযোগ সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত না হওয়ায় কলকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

হেল্পলাইন নম্বর ১০৩ এ কল করেও যেসব সেবাগ্রহীতার সঙ্গে পরবর্তী যোগাযোগ করা সম্ভব হয়নি, এমন কলের সংখ্যা ছিল ২ হাজার ১১৫টি।

বিচারপ্রার্থীদের জন্য সহজ ও দ্রুত সেবা নিশ্চিত করতে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট প্রশাসন প্রথমবারের মতো হেল্পলাইন সেবা চালু করে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়।

সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সেবা চালু থাকে। বিচারপ্রার্থী ও সেবাগ্রহীতারা ০১৩১৬-১৫৪২১৬ এবং ০১৭৯৫-৩৭৩৬৮০ নম্বরে কল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ১০৩ নম্বরে অনলাইন সেবা গ্রহণ করতে পারেন।

সূত্র: বাসস

এম জি