বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৮ জুলাই) পুলিশের আবেদনের পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
আদালত সূত্রে জানা যায়, গত ৬ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। সেদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৮ জুলাই দিন ধার্য করেন।
পুলিশের আবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট মামলার বাদী ও ভুক্তভোগী মো. সোহেল রানা (৩৮) মোহাম্মদপুর থানার তিন রাস্তার মোড়সংলগ্ন মজুর ভিলার সামনে চলমান আন্দোলনে অংশ নেন। এ সময় এজাহারভুক্ত অন্যান্য আসামিরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, তাদের ছোড়া গুলিতে সোহেল রানা আহত হন। পরে ছাত্র-জনতার ওপর বোমা নিক্ষেপ করা হলে বাদীসহ আরও অনেকে গুরুতর আহত হন।
এ ঘটনায় ২০২৫ সালের ১১ জুন মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার অভিযোগ এবং বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়।
এর আগে, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন