রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে আজ সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হতে পারে। এ লক্ষ্যে প্রসিকিউশনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে গত ১৯ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, শাপলা চত্বরে সংঘটিত ঘটনার তদন্ত সংস্থার খসড়া প্রতিবেদন প্রসিকিউশনের হাতে পৌঁছেছে। ওই প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক এক সেনাপ্রধান, সাবেক এক আইজিপিসহ ৪০ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের প্রাথমিক ভিত্তি পাওয়া গেছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের উদ্যোগ নেওয়া হচ্ছে।
চিফ প্রসিকিউটর আরও জানান, তদন্ত প্রতিবেদনের খসড়ায় শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ ৪০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা, সাংবাদিক শাহরিয়ার কবীর এবং তৎকালীন পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামও রয়েছে।
তিনি বলেন, তদন্ত সংস্থা ইতোমধ্যে প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে। বর্তমানে সেটি পর্যালোচনার কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে মামলার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানতে গত ১৯ জুলাই হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের ১৫ থেকে ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান। সংগঠনটির সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ (মধুপুর পীর সাহেব)-এর নেতৃত্বে প্রতিনিধিদলে যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিসসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে সমাবেশস্থল খালি করা হয়। ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন