ভূমিকম্পের আগে ও পরে করণীয় জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ১১:০৯ এএম
ভূমিকম্পের আগে ও পরে করণীয় জেনে নিন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট থেকে ১০টা ৩৯ মিনিটের মধ্যে হঠাৎ কয়েক সেকেন্ডের কম্পন অনুভূত হলে মানুষের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২। কেন্দ্রস্থল ছিল ঘোড়াশালের নিকটবর্তী এলাকায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ভালনারেবিলিটি স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. দিলারা জাহিদ বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী ভূমিকম্প হওয়া স্বাভাবিক। আতঙ্কই বড় বিপদ সৃষ্টি করে—সচেতনতার অভাব পূরণ করতে পারলে অনেক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব।

ভূমিকম্পের সময় করণীয়

আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন এবং পরিবারের সদস্যদের সতর্ক করুন।

ঘরের ভেতর থাকলে ‘ড্রপ, কাভার ও হোল্ড অন’ পদ্ধতিতে মজবুত আসবাবের নিচে আশ্রয় নিন।

মাথা রক্ষায় হেলমেট বা হাত ব্যবহার করুন।

বাইরের দেয়াল, কাচের জানালা, ঝুলন্ত বস্তু থেকে দূরে থাকুন।

রান্নাঘরে আগুন জ্বললে বন্ধ করুন।

ভূমিকম্প থামলে সিঁড়ি দিয়ে নিচে নামুন, কখনও লিফট নয়।

বাইরে থাকলে খোলা জায়গায় আশ্রয় নিন; লাইটপোস্ট, বৈদ্যুতিক তার বা উঁচু ভবনের নিচে দাঁড়াবেন না।

গাড়িতে থাকলে খোলা জায়গায় থামুন; ব্রিজ বা ফ্লাইওভারে থামবেন না।

ভূমিকম্পের পর যা করবেন

বড় কম্পনের পর ছোট কম্পন বা আফটারশকের জন্য প্রস্তুত থাকুন।

কম্পন থামলেও কিছুক্ষণ অপেক্ষা করে বের হন।

পরিবার নিরাপদ আছে কি না নিশ্চিত করুন এবং ঘরের অবস্থা পর্যবেক্ষণ করুন।

গ্যাসের গন্ধ পেলে জানালা খুলে বাইরে যান এবং দ্রুত মেরামতের ব্যবস্থা করুন।

বৈদ্যুতিক স্পার্ক দেখলে মেইন সুইচ বন্ধ করুন এবং প্রয়োজন হলে ইলেকট্রিশিয়ান ডাকুন।

আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখুন; ফায়ার সার্ভিসের নম্বর হাতের কাছে রাখুন।

ইএইচ