মিষ্টি এবং ঝাল ভাপা পিঠার রেসিপি

আসিফা হোসেন নীলা প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৬:০৮ পিএম
মিষ্টি এবং ঝাল ভাপা পিঠার রেসিপি

শীতের আমেজে অন্যতম প্রধান একটি পিঠা হচ্ছে ভাপা পিঠা। শহরের মানুষেরা এখন আর পিঠা নিজ হাতে তৈরি করে খেতে চায়না। রাস্তার ফুটপাতে অথবা পিঠার দোকান থেকে কিনে খায়। আর তাই আজকে জেনে নিবো দুই রকমের ভাপা পিঠার রেসিপি।

গুড় নারিকেলের ভাপা পিঠা: শীত মানেই নতুন গুড়ের মিষ্টি ঘ্রাণ আর নরম গরম ভাপা পিঠা। নরম সাদা চালের পিঠার ভেতরে গলগলে গুড় আর তাজা নারিকেল এক কামড়েই ফিরে যাবে শীতের গ্রামবাংলায়।  ভাপা পিঠা মানেই আবেগ। 

উপকরণ: পিঠার খোলের জন্য চালের গুঁড়া ২ কাপ, লবণ ১ চিমটি, কুসুম গরম পানি  প্রয়োজন মতো।

পুরের জন্য তাজা নারিকেল কোরা ১ কাপ, ঝোলা গুড় / পাটালি গুড়  ½,¾ কাপ (স্বাদ অনুযায়ী), এলাচ গুঁড়া ¼ চা চামচ।

প্রস্তুত প্রণালি: চালের গুঁড়ায় লবণ মিশিয়ে অল্প অল্প করে কুসুম গরম পানি দিতে হবে। এবার চালের গুঁড়া ঝুরঝুরে করে মেখে নিতে হবে যেন একটু দানাদার হয়। যেন হাতে মুঠো করে ধরলে আকার তৈরি হয়।

এর মধ্যেই গুড় নারিকেলের পুর বানিয়ে নিতে হবে একটি বাটিতে নারিকেল কোরা ও গুড় ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য এলাচ গুঁড়া দিয়ে নিতে পারেন।

পিঠা বানানো: ছোট লবনের বাটি  অথবা ভাপা পিঠার ছাঁচে আগে চালের গুঁড়া দিয়ে, মাঝখানে গুড় নারিকেলের পুর দিয়ে আবার উপর থেকে চালের গুঁড়া দিয়ে ঢেকে হালকা চাপ দিয়ে নিতে হবে।স্টিমার বা হাঁড়িতে পানি ফুটিয়ে একটি পাতলা ভেজা কাপড়ে পিঠার ছাঁচ মুড়িয়ে ভাপে বসিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ১০-১৫ মিনিট ভাপে রাখতে হবে। এরপর ঢাকনা সরিয়ে কাপড়সহ পিঠা নামিয়ে পরিবেশন করুন গরম গরম গুড় নারিকেলের ভাপা পিঠা।

চিকেন ভাপা: শীতের সকাল বা বিকেলের নাশতায়, একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে এমন একটা ভিন্নধর্মী ভাপা পিঠা হলো এই চিকেন ভাপা।

উপকরণ: পিঠার খোলের জন্য নিতে হবে চালের গুঁড়া ২ কাপ, লবণ ১ চিমটি, কুসুম গরম পানি প্রয়োজন মতো।

চিকেন পুরের জন্য মুরগির কিমা খুব ছোট করে কাটা চিকেন ১ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, মিহি কাঁচামরিচ কুচি ৪টি,আদা বাটা ½ চা চামচ, রসুন বাটা  ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ½ চা চামচ, গরম মসলা গুঁড়া ½ চা চামচ, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি  ১ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি: চালের গুঁড়ায় লবণ মিশিয়ে অল্প অল্প করে কুসুম গরম পানি দিতে হবে। এবার চালের গুঁড়া ঝুরঝুরে করে মেখে নিতে হবে যেন একটু দানাদার হয়। যেন হাতে মুঠো করে ধরলে আকার তৈরি হয়।

প্যানে তেল গরম করে পেঁয়াজ হালকা ভাজুন। আদা-রসুন ও কাঁচামরিচ দিন। চিকেন কিমা দিয়ে নেড়ে লবণ ও সব মসলা দিন চাইলে কিছুটা টেষ্টিং সল্ট দেয়া যেতে পারে। পানি ছাড়াই শুকনোভাবে রান্না করুন।শেষে ধনেপাতা মিশিয়ে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।

পিঠা বানানো: প্রথমে ভাপা পিঠার ছাঁচে কয়েকটা আস্তো ধনেপাতা বিছিয়ে দিয়ে চালের গুঁড়া ছিটিয়ে দিতে হবে এবং মাঝখানে ১-২ চামচ চিকেন পুর দিয়ে আবারো উপর থেকে চালের গুঁড়া দিয়ে ঢেকে হালকা চাপ দিয়ে নিতে হবে। স্টিমার বা হাঁড়িতে পানি ফুটিয়ে একটি পাতলা ভেজা কাপড়ে পিঠার ছাঁচ মুড়িয়ে ভাপে বসিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ১০-১৫ মিনিট ভাপে রাখতে হবে। এরপর ঢাকনা সরিয়ে কাপড়সহ পিঠা নামিয়ে পরিবেশন করুন গরম গরম চিকেন ভাপা পিঠা।

জেএইচআর