আজ ‘সারা রাত জেগে থাকার’ দিন। ব্যতিক্রমী এই দিনটির উদ্দেশ্য কেবল রাতভর না ঘুমিয়ে থাকা নয়, বরং রাতের সময়টাকে একটু ভিন্নভাবে উপভোগ করা।
রাত মানেই নিস্তব্ধতা, অন্যরকম আবহ আর ব্যস্ত জীবনের বাইরে কিছুটা আলাদা অনুভূতি। অনেকেই এ দিনটিকে বন্ধুদের সঙ্গে আড্ডা, গল্প, সিনেমা দেখা কিংবা খেলাধুলার মাধ্যমে উদযাপন করেন। কেউ আবার প্রিয় খাবার রান্না করে কিংবা গান শুনে কাটান পুরো রাত।
ইতিহাস ঘেঁটে জানা যায়, অতীতে নিরাপত্তার প্রয়োজনেই মানুষকে রাতে জেগে থাকতে হতো। সময়ের সঙ্গে প্রযুক্তি ও বিদ্যুতের প্রসার রাতের জীবনধারায় বড় পরিবর্তন আনে। এখন কর্মব্যস্ততা, বিনোদন কিংবা ব্যক্তিগত অভ্যাস, বিভিন্ন কারণেই অনেকের কাছে রাত জাগা পরিচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এই দিনটিকে অনেকে বিশেষ স্মৃতি তৈরির উপলক্ষ হিসেবেও দেখেন। গভীর রাতে ফাঁকা রাস্তায় হাঁটা, বন্ধুদের সঙ্গে গল্পে মেতে ওঠা কিংবা নীরব পরিবেশে নিজের মতো সময় কাটানো—এসবই দিনটির আলাদা আকর্ষণ।
এদিকে দিনটি রাত জেগে দায়িত্ব পালন করা মানুষদের প্রতিও সম্মান জানানোর একটি প্রতীকী উপলক্ষ। চিকিৎসক, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চালকসহ অসংখ্য মানুষ প্রতিরাতে কাজ করেন, যাতে অন্যদের স্বাভাবিক জীবনযাত্রা সচল থাকে।
তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, মাঝেমধ্যে আনন্দের জন্য রাত জাগা সমস্যা না হলেও নিয়মিত ঘুম কম হলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই রাত জাগার পর পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন