ধানমন্ডিতে ছায়ানট ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক  প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০২:৫৩ এএম
ধানমন্ডিতে ছায়ানট ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানট ভবনে হামলা চালিয়েছে একদল বিক্ষুব্ধ মানুষ। 

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ধানমন্ডি মডেল থানার ডিউটি অফিসার মিঠুন সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিক্ষুব্ধ জনতা ছায়ানট ভবন ভাঙচুর করেছে এবং সেখানে আগুন ধরিয়ে দিয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসকে তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হয়।

বিপ্লবী তরুণ নেতা ওসমান হাদি গত ১২ ডিসেম্বর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি চলন্ত মোটরসাইকেল থেকে অটোরিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলেও বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন।

ঢাকা-৮ আসনের এই সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে রাজধানীর বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছে। ছায়ানট ভবনে হামলার খবর পাওয়ার পর ওই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে টহল দিচ্ছে।

ইএইচ