জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে রচিত ‘এনসিপির যাত্রা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যে জাতি বা সংগঠন নিজেদের ইতিহাস সংরক্ষণ করতে পারে না, ভবিষ্যতে তারা সহজেই অস্তিত্ব সংকটে পড়ে। তাই রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি এর সঠিক নথিভুক্তকরণ অত্যন্ত জরুরি।
শুক্রবার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় বইটির মোড়ক উন্মোচন করেন সারোয়ার তুষার।
এ সময় তিনি বইটির লেখক মাহবুব আলমকে অভিনন্দন জানিয়ে বলেন, ছাত্র-নাগরিক কমিটি থেকে এনসিপি হয়ে ওঠার পুরো যাত্রার একটি লিখিত দলিল থাকা প্রয়োজন ছিল, যা এই বইটির মাধ্যমে পূর্ণতা পেয়েছে। তিনি সাহসিকতার সাথে মানসম্মত বই প্রকাশের জন্য ‘আদর্শ প্রকাশনী’র বিশেষ প্রশংসা করেন।
বইটিতে মূলত ছাত্র-নাগরিক কমিটি থেকে এনসিপি গঠন পর্যন্ত দেড় বছরের রাজনৈতিক যাত্রার ধারাবাহিক বিবরণ ও গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে। সারোয়ার তুষার উল্লেখ করেন, গত নির্বাচনে প্রায় ৩.২১ শতাংশ ভোট পেয়ে জাতীয় নাগরিক পার্টি দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই ইতিহাসগুলো গবেষক ও রাজনৈতিক বিশ্লেষকদের জন্য ভবিষ্যৎ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে জানানো হয়, বইটির বিক্রি থেকে প্রাপ্ত অর্থ লেখক ব্যক্তিগতভাবে নেবেন না; বরং তা শহীদ ও আহত পরিবারগুলোর সহায়তায় ব্যয় করা হবে। ছাত্র-নাগরিক আন্দোলন নিয়ে ভবিষ্যতে আরও বিস্তৃত গবেষণাধর্মী কাজ করার আহ্বান জানিয়ে সারোয়ার তুষার উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের বইটি পড়ার অনুরোধ জানান। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন