তীর্থযাত্রা

জিয়া উদ্দিন প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ১১:০৪ পিএম
তীর্থযাত্রা

সাদা চোখে যা দেখি…
তা সত্যের অপচ্ছায়াও হতে পারে।
তাৎক্ষণিকতায় জন্ম নেয়া সেই দৃশ্য…
হয়তো এক কালো পর্দার মায়া মাত্র।

আমরা শুনি বাতাসে শব্দের কান কথা,
যেন চিলে কানে নিয়েছে—
চিৎকার করি চারদিক কাঁপিয়ে,
অথচ… চিল চিনেনা কান!
আমাদের হুজ্জতে চিলের ইজ্জত যায়।
সত্যের সিম্ফনি কি তবে আকস্মিক কানে আসে?
না কি ভেসে আসে হৃদয়ের নিঝুম চরাচর থেকে?
আমরা ভুলে যাই—
সত্যের ভ্রূণ বাইরে নয়,
সে জন্ম নেয় ভেতরের আলোয়।

সে আলো চোখে দেখা যায় না,
তাকে দেখতে হয় অন্তরচক্ষে,অতিন্দ্রিয় মেলে।
তাকে ছুঁতে হয় ঐশী বোধে—
যে বোধ জাগে,
যখন মানুষ তার ‘আমি’ অহংকে
ভেঙে ফেলে ধুলোয়!

যে নিজেকে নিংড়ে ফেলে নিঃস্বার্থ ভালোবাসায়,
সে-ই পা রাখে মনুষ্যত্বের প্রথম সিঁড়িতে।
আর সেই সিঁড়ি…
সে তো এক দীপ্ত সূর্যের দিকে ওঠা পথ,
যেখানে প্রতিটি ধাপ… আত্মত্যাগ,মানবিকতার নাড়াচাড়া আর সত্যের স্বরলিপি শেখায়।

এই যাত্রা,  ফেরেশতাদের নয়।
এই যাত্রা রক্ত-মাংসের মানুষের—
যে ব্যথা পায়, তবুও ভালোবাসে…
যে পড়ে যায়, তবুও উঠে দাঁড়ায়…
যে কাঁদে, তবুও হাসে।

এই যাত্রা মুক্তির।
এই যাত্রা সত্যের, ভালোবাসার, শান্তির।
এই যাত্রা… এক তীর্থযাত্রা।

হে মহাপ্রভু…
আমাদের অন্তর খোলো,
ভাঙো মায়ার মোহজাল।
শামিল করো আমাদের…
এই অনাবিল তীর্থযাত্রায়—
যেখানে নেই প্রগলভ মিথ্যা, নেই বিভ্রম—
আছে শুধু…
নির্মল আলো,
অজেয় ভালোবাসা…
আর অমেয় শান্তির হিমেল পরশ।

ইএইচ