নিঃশব্দের সংহতি

জিয়া উদ্দিন প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১০:৩৪ এএম
নিঃশব্দের সংহতি

নিঃশব্দের সংহতি

নির্বাক সত্য একদিন
নির্বাসিত সত্যে রূপ নেয়—
শব্দহীন প্রান্তরে পড়ে থাকে তার ছায়া,
অর্পিত উচ্চারণে জন্ম নেয় না চর্চা,
শুধু প্রতিধ্বনি, শূন্য ও অনুগত।

এক দঙ্গল জলদস্যু
আমাদের মৌনতার কফিনে
শেষ পেরেকটি ঠুকতে এলে—
শক্ত বাহু জেগে ওঠে,
নীরবতারও আছে বজ্রের অধিকার।

আমি দেখতে চাই—
বিমূর্ত নদীর অন্তরঙ্গ জলে
আলোর মুখর নাচন,
যেখানে সত্য ঢেউ তোলে
অপ্রকাশের গভীর সুরে।

ভূমিকম্পে লাল প্রাসাদ ভাঙে
সশব্দ ইতিহাস লিখে—
অথচ নীতির মৃত্যু
কোনো ভেরী বাজায় না;
রক্তপাতহীন নিঃশব্দ বিদায়ে
মানুষের বুকজুড়ে বয়ে যায়
উষর লু-হাওয়া।

ওরা যা বোঝে—
তা বোঝে না আসলে,
কারণ বোঝাপড়ারও লাগে মরমী মনন,
শুধু  পান্ডুলিপির শব্দ নয়।

তবু আমরা দাঁড়াই—
নিঃশব্দের পাশে,
সত্যের দীর্ঘ শ্বাস শুনে,
যেন আঁধার তাড়িয়ে
পুনর্জন্ম হলো আলোর।

এএন