মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চিড়িয়াখানায় থাকা প্রাণিদের যত্ন নেওয়া শুধু কর্তৃপক্ষের নয়, বরং সবার নৈতিক দায়িত্ব। প্রাণিদের প্রতি মানবিক আচরণ ও বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “চিড়িয়াখানার প্রাণিদের যথাযথ যত্ন ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।”
শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা পরিদর্শন শেষে ইন্টারপ্রিটেশন সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, জাতীয় চিড়িয়াখানা জাতির একটি অমূল্য সম্পদ, যেখানে দেশের সভ্যতা, সংস্কৃতি ও আচরণের প্রতিফলন ঘটে। “আমরা এমন একটি চিড়িয়াখানা গড়ে তুলতে চাই, যা সবার জন্য হবে সুন্দর, শিক্ষণীয় ও বিনোদনমূলক,” যোগ করেন তিনি।
দর্শনার্থীদের আচরণের প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, অনেক সময় দর্শনার্থীরা আনন্দে প্রাণিদের উত্যক্ত করেন, যা অনৈতিক ও নিষ্ঠুর আচরণ। তিনি চিড়িয়াখানা কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে এবং দর্শনার্থীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
চিড়িয়াখানার আধুনিকায়ন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “আধুনিকায়ন ছাড়া চিড়িয়াখানার সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।” তিনি জানান, ‘বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা আধুনিকায়ন প্রকল্প’ বাস্তবায়নের কাজ চলছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আধুনিকায়ন কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে।
তিনি আরও জানান, প্রকল্পের আওতায় প্রাপ্ত ৪০ কোটি টাকার বরাদ্দ দিয়ে চিড়িয়াখানার জরুরি চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ‘প্রাণিকল্যাণ আইন, ২০১৯’ বাস্তবায়নে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. বয়জার রহমান এবং কেন্দ্রীয় মুরগি খামারের পরিচালক জিনাত সুলতানা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন