রাজনৈতিক ঐক্যের আহ্বান আইন উপদেষ্টা আসিফ নজরুলের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০২:৫৬ পিএম
রাজনৈতিক ঐক্যের আহ্বান আইন উপদেষ্টা আসিফ নজরুলের

জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিএনপির তীব্র সমালোচনার মুখে আইন উপদেষ্টা আসিফ নজরুল সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এ বিষয়ে এখন আমাদের কোনো মন্তব্য নেই।

বিএনপি সম্প্রতি অভিযোগ করেছে, ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় যেসব প্রস্তাব ও শর্ত নির্ধারিত ছিল, জুলাই সনদের বাস্তবায়ন প্রতিবেদনে সেগুলোর প্রতিফলন ঘটেনি। 

তাদের দাবি, নোট অব ডিসেন্টসহ গুরুত্বপূর্ণ অংশ বাদ দেওয়া হয়েছে এবং কমিশন প্রতারণার আশ্রয় নিয়েছে।

এ বিষয়ে প্রশ্ন করা হলে আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে আলোচনা করে একক মতামত দিতে পারে, তাহলে সরকারের জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। কিন্তু যদি তারা ঐকমত্যে না পৌঁছায়, সরকার তার নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

তিনি আরও জানান, সরকার রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ঐক্যবদ্ধ নির্দেশনা আশা করছে যাতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আর কোনো বিভ্রান্তি না থাকে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে আরও উপস্থিত ছিলেন, প্রশাসনিক ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টারা। 

বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সনদ বাস্তবায়নের অগ্রগতি ও গণভোট সংক্রান্ত আইনি বিষয় নিয়েও আলোচনা হয় বলে সূত্র জানিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আইন উপদেষ্টার এই ‘নীরবতা’ বিএনপি ও সরকারের মধ্যে চলমান অবিশ্বাস আরও গভীর করতে পারে। তবে কেউ কেউ এটিকে সরকার পক্ষের ‘কূটনৈতিক সংযম’ বলেও দেখছেন যাতে সংলাপের দরজা পুরোপুরি বন্ধ না হয়ে যায়।

বিএনপি বলছে, জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাবে কমিশন তাদের উপস্থাপিত অনেক মৌলিক বিষয় বাদ দিয়েছে।

এনসিপি ও ঐকমত্য কমিশন বরাবরই দাবি করছে, সংশোধিত সুপারিশই হচ্ছে জাতীয় ঐকমত্যের প্রতিফলন।

আইন উপদেষ্টা সম্প্রতি আরেক আলোচনায় বলেছিলেন, রাজনৈতিক দলগুলো ঐক্যমত না দিলে সরকার সিদ্ধান্ত নিতে দেরি করবে না।

ইএইচ