রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্য ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং এর একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ নিয়ে মতবিনিময় করা হয়। সরকার প্রতিনিধিদলকে জানায়, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীদের সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।
এ সময় সরকার পক্ষ থেকে বলা হয়, ব্যবসা পরিচালনা ও প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া সহজ করতে বিভিন্ন সরকারি সেবাকে একক প্ল্যাটফর্মের আওতায় আনার উদ্যোগ চলছে। এর ফলে বিনিয়োগকারীরা দ্রুত ও সহজভাবে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন এবং বিনিয়োগ কার্যক্রম আরও গতিশীল হবে।
মিতসুই অ্যান্ড কোং বিশ্বব্যাপী লজিস্টিকস, অবকাঠামো, ধাতু, জ্বালানি ও খাদ্য বাণিজ্যসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার।
মিতসুইয়ের প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো, এশিয়া-প্যাসিফিক বিজনেস ইউনিটের প্রধান কৌশল কর্মকর্তা তাকানোবু মুরায়ামা, বাংলাদেশে প্রতিষ্ঠানটির কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়ামোতো এবং ঢাকা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন