রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ায় আগুন বড় আকার ধারণ করেছে। পানির তীব্র সংকটে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে বেগ পেয়ে যাচ্ছেন। আগুন নেভাতে মোট ১৬টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে বস্তিতে আগুন লাগে। প্রচণ্ড যানজটের কারণে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। পরে পানির অপ্রতুলতা দেখা দিলে অতিরিক্ত পানি-সমৃদ্ধ ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, “ঘটনাস্থলে পানি সংকট থাকায় অতিরিক্ত ইউনিট পাঠানো হয়েছে। এখন মোট ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”
অগ্নিদগ্ধ বস্তিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা জানান, আগুন মুহূর্তেই টিনের ঘরে ছড়িয়ে পড়েছে। আতঙ্কে লোকজন ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করতে মরিয়া হয়ে উঠেছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ভিড় নিয়ন্ত্রণ করছেন। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বাসিন্দাদের ভেতরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এখনও আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন