সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ১২:৫৪ পিএম
সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

২০২৭ সালের হজ পালনের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ নির্ধারণ করেছে সরকার। হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের পর মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ প্যাকেজগুলোর বিস্তারিত তুলে ধরেন।

ঘোষণা অনুযায়ী, সরকারি ‘হজ প্যাকেজ-১’-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। অন্যদিকে ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’-এর ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

হজ প্যাকেজ-১-এর আওতায় অংশগ্রহণকারী হজযাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে এক হাজার থেকে এক হাজার ৪০০ মিটারের মধ্যে আবাসনের সুবিধা পাবেন। মদিনায় তাদের থাকার ব্যবস্থা থাকবে মারকাজিয়া এলাকায়। মিনায় তাদের জন্য জোন-২-এর তাঁবু বরাদ্দ থাকবে। পাশাপাশি মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ ক্যাটাগরির সুবিধা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে।

এ প্যাকেজে সাধারণত সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫ থেকে ৪০ দিন। এছাড়া অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে রুম আপগ্রেডেশন এবং শর্ট প্যাকেজ সুবিধাও গ্রহণ করা যাবে।

অন্যদিকে ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’ তুলনামূলক কম ব্যয়ের একটি প্যাকেজ। এ প্যাকেজের হজযাত্রীদের জন্য মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে হোটেলের ব্যবস্থা থাকবে। মদিনায় তাদের আবাসন হবে মারকাজিয়া এলাকার বাইরে, তবে মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে।

এই প্যাকেজে মিনায় জোন-৫-এ তাঁবুর ব্যবস্থা রাখা হয়েছে। মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ ক্যাটাগরির সুবিধার পাশাপাশি মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। এছাড়া মক্কার আবাসন যদি হারাম শরীফ থেকে দুই কিলোমিটারের বেশি দূরে হয়, তাহলে সৌদি সরকারের বিধি অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা রাখা হবে।

সরকারের ঘোষণা অনুযায়ী, দুই প্যাকেজেই নির্ধারিত সুবিধা অনুসারে হজযাত্রীরা আবাসন, তাঁবু, পরিবহন ও প্রয়োজনীয় সেবাসুবিধা পাবেন। তবে আবাসনের অবস্থান, মিনার তাঁবুর জোন এবং ব্যয়ের দিক থেকে দুটি প্যাকেজের মধ্যে পার্থক্য রাখা হয়েছে।

এএন