এনসিপি নয়, বিএনপির সঙ্গে জোট চাইছে গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ১১:৫৩ পিএম
এনসিপি নয়, বিএনপির সঙ্গে জোট চাইছে গণঅধিকার পরিষদ

বিএনপির সঙ্গে আলোচনা ছাড়া কোনো জোটে যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে গণঅধিকার পরিষদ। দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, তারা বিএনপির ঘোষিত জাতীয় সরকারের অংশ হতে আগ্রহী। বিপরীতে, একাধিক বৈঠকের পরও উল্লেখযোগ্য অগ্রগতি না পাওয়ায় তৃতীয় জোটে যোগ না গিয়ে এককভাবেই নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফলে বিএনপি–জামায়াতের বাইরে সংস্কারমুখী নতুন জোট গঠনের সম্ভাবনা অনেকটাই শিথিল হয়ে পড়েছে।

দীর্ঘদিন ধরে এনসিপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টিসহ কয়েকটি ছোট দল সমমনা একটি জোট গঠনের চেষ্টা চালিয়ে আসছিল। লক্ষ্য ছিল প্রচলিত ধারার বাইরে একটি ‘সংস্কারকেন্দ্রিক’ রাজনৈতিক মঞ্চ তৈরি করা। তবে গণঅধিকার পরিষদ শুরু থেকেই বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের ৩১ দফা ও জাতীয় সরকার গঠনের অঙ্গীকারকে অগ্রাধিকার দিয়ে আসছে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “যুগপৎ আন্দোলনের যে অঙ্গীকার ৩১ দফা, জাতীয় সরকার এসব আমরা একসঙ্গে তৈরি করেছি। বাংলাদেশকে এগিয়ে নিতে জাতীয় সরকারই একমাত্র পথ। বিএনপি ইতিমধ্যে জাতীয় সরকারের অঙ্গীকার দিয়েছে, তাই জোট নিয়ে তাদের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে।”

জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও দলটি তিনশ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

অন্যদিকে, আলোচনায় অগ্রগতি না হওয়ায় এককভাবে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, “আমরা সব আলোচনা নাকচ করছি না। তবে এখন জোট নিয়ে আলোচনা বন্ধ রয়েছে। আপাতত এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ভবিষ্যতে আলোচনার দরজা খোলা থাকবে।”

ইএইচ