লালমনিরহাটের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
রোববার দুপুরে উপজেলার তুষভান্ডার ক্যাপ্টেন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি উপজেলার বাবুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, “তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তিনি কোনো ধরনের প্রতিরোধ করেননি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আগামীকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।”
ওসি আরও বলেন, “আইন সবার জন্য সমান। যেই হোক না কেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, নজরুল ইসলাম মোল্লা দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন