দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০৭:৫১ পিএম
দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. জহুরুল হক ও আরও পাঁচ উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রের ৯ হাজার কোটি টাকার ক্ষতি করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট ও রেভিনিউ শেয়ার বেআইনিভাবে কমানোর ঘটনায় দায়ের করা হয়েছে।

দুদকের ইতিহাসে এটি প্রথমবারের মতো কমিশনার পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে মামলা। ঘটনার সময় জহুরুল হক বিটিআরসির কমিশনার ও পরবর্তী সময়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মামলার আসামিরা হলেন: সাবেক বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস, সাবেক ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, সাবেক চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, সাবেক কমিশনার মো. জহুরুল হক, সাবেক কমিশনার মো. রেজাউল কাদের, মো. আমিনুল হাসান।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত বিটিআরসি অনুমোদন ছাড়া কল রেট কমিয়ে ০.০৩ ডলার থেকে ০.০১৫ ডলারে নামানো হয় এবং সরকারের রেভিনিউ শেয়ার ৫১.৭৫ শতাংশ থেকে ৪০ শতাংশে কমানো হয়। একই সময়ে আইজিডব্লিউ অপারেটরের শেয়ার ১৩.২৫ শতাংশ থেকে ২০ শতাংশে বৃদ্ধি করা হয়।

এর ফলে রেভিনিউ শেয়ার কমানোর ক্ষতি ৩৮৩ কোটি ৭৩ লাখ ৮৩ হাজার টাকা, কম রেটে কল আনার ক্ষতি ২,৯৪১ কোটি ৯৯ লাখ ৩৯ হাজার টাকা এবং বৈদেশিক মুদ্রা না আনায় ক্ষতি ৫,৬৮৫ কোটি ১ লাখ টাকা হয়েছে। মোট ক্ষতি দাঁড়িয়েছে ৯,০০০ কোটি ১০ লাখ ৭৪ হাজার ৪৮ টাকা।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪১৮, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে মো. জহুরুল হকের বিরুদ্ধে পৃথক অনুসন্ধানও চলমান রয়েছে। জহুরুল হক ২০২১ সালের ১০ মার্চ দুদকের কমিশনার হিসেবে যোগদান করেছিলেন এবং ২০২৪ সালের ৩০ অক্টোবর পদত্যাগ করেন। একই দিনে দুদকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও কমিশনার আছিয়া খাতুনও পদত্যাগ করেন।

জেএইচআর