রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ, যেকোনো সময় তফসিল ঘোষণা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ১০:৩৫ এএম
রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ, যেকোনো সময় তফসিল ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের সার্বিক প্রস্তুতি জানাতে বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। এই দিনই বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশ্যে সিইসি'র একটি ভাষণ রেকর্ড করা হবে, যেখানে ভোটের তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, ইসির সব প্রস্তুতি সম্পন্ন। তফসিল ঘোষণা এখন কেবল সময়ের অপেক্ষা। তফসিল ঘোষণার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইসি গ্রহণ করে রেখেছে। তিনি নিশ্চিত করেন, বুধবার পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে এবং এদিনই সিইসির ভাষণ রেকর্ড করা হবে।

অপর নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাছউদ জানান, বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা পরদিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে।

জুলাই গণঅভ্যুত্থানের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। ফলে, এবার আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন আয়োজন করতে যাচ্ছে ইসি, যার কারণে ব্যালট পেপারে নৌকা প্রতীকটি থাকছে না। নিবন্ধন স্থগিত থাকলে সংশ্লিষ্ট দলের নিজ প্রতীকে ভোটে অংশ নেওয়ার সুযোগ থাকে না।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাছউদ বলেন, "নিবন্ধন বাতিল রয়েছে বা স্থগিত রয়েছে এমন দলের প্রতীক ব্যালটে থাকবে না।"

এবারের নির্বাচনে ইসি বেশ কিছু নতুনত্ব নিয়ে আসছে। এই প্রথমবার আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা। এছাড়াও দেশের ভেতরে থাকা ভোটের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারী ও কয়েদিরাও এই সুবিধা পাবেন। এবার জোট করলেও নিজ দলের প্রতীকের বাইরে অন্য কোনো দলের প্রতীকে ভোটে অংশ নেওয়ার সুযোগ রাখেনি ইসি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন। মহিলা ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার: ১ হাজার ২৩৪ জন।

মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি এবং মোট ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। তবে দুটি নির্বাচন (সংসদ ও গণভোট) একসঙ্গে হওয়ায় গোপন কক্ষ (ভোট প্রদানের কক্ষ) বাড়তে পারে। এবার ভোটগ্রহণ করা হবে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।

এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত, এনসিপিসহ নিবন্ধিত অর্ধশতাধিক দল অংশ নিতে পারবে। আওয়ামী লীগ ভোটের বাইরে থাকলেও জাতীয় পার্টির অংশগ্রহণের বিষয়টি এখনো পরিষ্কার হয়নি। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, যেসব দলের নিবন্ধন রয়েছে তাদের ভোটে অংশ নিতে কোনো বাধা নেই। বর্তমানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দল ৫৬টি এবং এই সংখ্যা ভোটের আগেই আরও বাড়তে পারে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে আগাম প্রচার সামগ্রী সরিয়ে ফেলতে হবে। অন্যথায় নির্বাচনি আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তফসিল ঘোষণার পরপরই মাঠে নেমে যাবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একই সঙ্গে গঠন করা হবে নির্বাচনী অনুসন্ধান কমিটিও।

জেএইচআর