বরেন্দ্র অঞ্চলে পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপে পড়ে দুই বছর বয়সী শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সাজিদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়াসহ সব অরক্ষিত নলকূপ স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানানো হয়েছে।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া এই লিগ্যাল নোটিশটি পাঠান।
লিগ্যাল নোটিশে বলা হয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় শত শত পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপ জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্ব পাড়া গ্রামে একটি পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু সাজিদের মৃত্যু ঘটে। নোটিশে এই ঘটনাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক উদাসীনতার স্পষ্ট প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।
নোটিশে ১৫ দিনের মধ্যে একাধিক নির্দেশনা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে: সব পরিত্যক্ত নলকূপ চিহ্নিত করে জরিপ ও রাষ্ট্রীয় ব্যয়ে সিল/ভরাট বা স্থায়ীভাবে বন্ধ করা। অবৈধ নলকূপ খননে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। নিরাপদ নলকূপ ব্যবস্থাপনায় মানসম্মত কার্যপ্রণালি প্রণয়ন। দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা।
আইনজীবী জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বিষয়টি জনস্বার্থ মামলা হিসেবে হাইকোর্ট ডিভিশনে দায়ের করা হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন