পাইলিংয়ের সময় ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৫:৫৯ পিএম
পাইলিংয়ের সময় ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন

ময়মনসিংহ মহানগরীর গুলকিবাড়ি এলাকায় একটি ২০তলা ভবনের পাইলিং কাজ চলাকালে পাশের একটি পাঁচতলা আবাসিক ভবন হেলে পড়েছে। 

রোববার দুপুরে এ ঘটনা ঘটে। হঠাৎ ভবনটিতে ফাটল দেখা দিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি আঁচ করতে পেরে ভবনটির বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, পাইলিংয়ের সময় মাটির নড়াচড়া শুরু হলে পাশের ভবনটি একদিকে কাত হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা প্রশাসন ও ফায়ার সার্ভিসে বিষয়টি জানায়। পরে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দরা।

এলাকাবাসীর দাবি, ভবনটির বর্তমান ঝুঁকি নিরূপণে অভিজ্ঞ প্রকৌশলীদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাইলিং কাজ সাময়িকভাবে বন্ধ রাখার আহ্বান জানান তারা। 

এ ঘটনায় ভবন নির্মাণে নিরাপত্তা ব্যবস্থা, নকশা অনুমোদন ও তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

ইএইচ