মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগে অবস্থিত পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
মঙ্গলবার সকাল পৌনে ৮টায় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে সঙ্গে নিয়ে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনের সময় একটি চৌকস পুলিশ দল সশ্রদ্ধ সালাম জানায় এবং বিউগল বেজে ওঠে।
প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান উপস্থিত ছিলেন।
এরপর বাংলাদেশ পুলিশের পক্ষে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান আইজিপি বাহারুল আলম। সবশেষে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন