চলতি বছরের নভেম্বর মাসে দেশে ৫৩৪টি সড়ক দুর্ঘটনায় ৪৮৩ জন নিহত এবং ১ হাজার ৩১৭ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে ৬৪ জন নারী ও ৭১ জন শিশু রয়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের সর্বশেষ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। সংস্থাটির বিশ্লেষণ অনুযায়ী, আগের মাস অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে প্রাণহানি বেড়েছে ১৩ দশমিক ২২ শতাংশ।
বৃহস্পতিবার রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক প্রতিবেদনে জানানো হয়, নভেম্বর মাসে প্রতিদিন গড়ে ১৬ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়, ২২৭টি দুর্ঘটনায় ১৯৪ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৪০ শতাংশের বেশি। এছাড়া ১০৬ জন পথচারী নিহত হয়েছেন এই সময়ে। সড়ক ছাড়াও ৪৭টি রেল দুর্ঘটনায় ৩৮ জন এবং ৬টি নৌ-দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন।
প্রতিবেদনের তথ্যমতে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৪১টি দুর্ঘটনায় ১১৯ জন প্রাণ হারিয়েছেন। একক জেলা হিসেবে চট্টগ্রামে সর্বোচ্চ ৪১টি দুর্ঘটনায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সবচেয়ে কম প্রাণহানি ঘটেছে শেরপুর ও পঞ্চগড় জেলায়। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, জাতীয় মহাসড়কের তুলনায় আঞ্চলিক সড়কেই দুর্ঘটনার হার বেশি ছিল।
রোড সেফটি ফাউন্ডেশন সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও মানসিক অসুস্থতা এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে চিহ্নিত করেছে।
দুর্ঘটনা রোধে দক্ষ চালক তৈরি, মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ, বিআরটিএ-র সক্ষমতা বৃদ্ধি এবং সড়ক পরিবহন আইন-২০১৮ এর কঠোর বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন