হাদি হত্যার বিচারের দাবিতে ইডেন কলেজে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ

মোকার্রেমা খাতুন, ইডেন কলেজ প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০২:৪২ এএম
হাদি হত্যার বিচারের দাবিতে ইডেন কলেজে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি (ওসমান হাদি) হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে উঠেছে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস। 

বৃহস্পতিবার দিবাগত রাতে খবরটি ছড়িয়ে পড়ার পর কলেজের ছয়টি হলের শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁদের কণ্ঠে ‘আমার ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দাও’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ এবং ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’—এমন সব স্লোগান শোনা যায়। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলার মাটিতে সন্ত্রাসীদের আর কোনো ঠাঁই হবে না।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া আলমগীর বলেন, হাদি হত্যার বিচারের দাবিতে ইডেনের সাধারণ শিক্ষার্থীরা একমত পোষণ করেছে। আমরা চাই অবিলম্বে এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক। একই সঙ্গে বোটানি বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী নিপা আক্তার বলেন, খুনিরা বারবার অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। ফ্যাসিস্ট শক্তি দেশ ছেড়ে পালালেও তাদের দালালরা এখনো দেশকে অস্থিতিশীল করতে সক্রিয় রয়েছে।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর একটি বিশেষ গোষ্ঠী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। এরই অংশ হিসেবে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে হত্যা করা হয়েছে বলে তাঁরা মনে করছেন। এই ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিজয়নগরে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে ওসমান হাদি শাহাদাত বরণ করেন। তার মৃত্যুতে দেশজুড়ে গভীর শোক ও উত্তজনা বিরাজ করছে।

ইএইচ