অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ কিছু পদে আজ বড় ধরনের রদবদল হতে যাচ্ছে। একইসঙ্গে পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়েও বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার যেকোনো সময় এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা বা প্রজ্ঞাপন জারি হতে পারে। সরকারের নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সবচেয়ে বড় পরিবর্তনটি আসতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরিয়ে সেখানে প্রধান উপদেষ্টার বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে বহাল থাকবেন বলে জানা গেছে।
এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীকেও তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে জোরালো আলোচনা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের জেরে সংগঠনটির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তনের তীব্র দাবি ওঠে। মূলত এই পরিস্থিতির প্রেক্ষিতেই সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের শীর্ষ পদেও বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটির উচ্চ পর্যায়ে বেশ কয়েকজন কর্মকর্তাকে নতুন দায়িত্বে আনা হতে পারে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই এই পরিবর্তনের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
আজ দুপুরের মধ্যেই এই রদবদল সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত ও প্রজ্ঞাপন জানা যাবে বলে আশা করা হচ্ছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন