এলজিইডির ক্রিলিক আয়োজিত জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৫:৫৫ পিএম
এলজিইডির ক্রিলিক আয়োজিত জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জলবায়ু সহিষ্ণু স্থানীয় অবকাঠামো কেন্দ্র (ক্রিলিক)-এর উদ্যোগে ‘জেন্ডার এন্ড ক্লাইমেট চেইঞ্জ’ বিষয়ক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ আজ ৩০ ডিসেম্বর এলজিইডি সদর দপ্তরের প্রশিক্ষণ কক্ষে সমাপ্ত হয়।

প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সৈয়দা আসমা খাতুন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব-প্রশিক্ষণ ইউনিট) সৈয়দ শফিকুল ইসলাম এবং ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী মো. লতিফ হোসেন।

সমাপনী বক্তব্যে সৈয়দা আসমা খাতুন প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জেন্ডার সংবেদনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর তুলনামূলকভাবে বেশি পড়ে। তাই প্রকল্প পরিকল্পনা, বাস্তবায়ন ও নীতিনির্ধারণে জেন্ডার দৃষ্টিভঙ্গি সংযুক্ত করা সময়ের দাবি।”

এর আগে স্বাগত বক্তব্যে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ শফিকুল ইসলাম বলেন, স্থানীয় পর্যায়ের অবকাঠামো উন্নয়ন ও জলবায়ু সহনশীল কার্যক্রমে এলজিইডি সব সময় জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ক্রিলিকের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির এই উদ্যোগ সেই অঙ্গীকারেরই প্রতিফলন।

তিন দিনের এই প্রশিক্ষণে এলজিইডির ৩০ জন সিনিয়র সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী ও বিশেষজ্ঞ পরামর্শকগণ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রশিক্ষণ বিশেষজ্ঞ মো. আবুল কাশেম এবং মিডিয়া এন্ড কমিউনিকেশন স্পেশালিষ্ট সৈয়দ মাহবুব আহসান উপস্থিত ছিলেন। — সংবাদ বিজ্ঞপ্তি

ইএইচ