ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন বাহিনীর আটক এবং দেশটির বর্তমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে উল্লেখ করেছে যে, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে দেশগুলোর মধ্যে যেকোনো বিরোধ বা সমস্যা সমাধানের জন্য কূটনীতি এবং সংলাপকেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত। সামরিক হস্তক্ষেপের পরিবর্তে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব বলে মনে করে ঢাকা।
একই সঙ্গে, জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলোর প্রতি বাংলাদেশের অবিচল প্রতিশ্রুতি ও শ্রদ্ধা পুনর্ব্যক্ত করা হয়েছে এই বিবৃতিতে।
উল্লেখ্য, গত শনিবার (৩ জানুয়ারি ২০২৬) ভোরে মার্কিন বিশেষ বাহিনী ‘ডেল্টা ফোর্স’ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক ঝটিকা অভিযান চালায়। এই অভিযানে প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে বিমানে করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। তাঁদের বিরুদ্ধে মাদক পাচারের গুরুতর অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। এই ঘটনার পর রাশিয়া, চীন ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন