তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ৫, ২০২৬, ১২:৫৬ এএম
তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৃহস্পতিবার (৪ জুন) রাতে তিনি বাংলাদেশে আসেন। দক্ষিণ কোরিয়া সফর শেষে ঢাকায় পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার (৫ জুন) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসবেন হাকান ফিদান। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে শুক্রবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

আগামী শনিবার (৬ জুন) সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বাংলাদেশে বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী তুরস্ক। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি ও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিদ্যমান। তবে বিশেষ করে প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ দেখাচ্ছে তুরস্ক। তাই হাকান ফিদানের এবারের সফরে বাণিজ্য, সংস্কৃতি এবং প্রতিরক্ষা বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তুরস্ক সফর করেন। সে সময় তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এম জি