দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ শুরু হতে যাচ্ছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিমানের দায়িত্বশীল সূত্র অনুযায়ী, প্রাথমিকভাবে ২৯ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত পরীক্ষামূলকভাবে সপ্তাহে দুই দিন সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। এই সময়ের পারফরম্যান্স ও যাত্রী চাহিদা মূল্যায়ন করে পরবর্তীতে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে। ইতোমধ্যে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) এই রুটে ফ্লাইট পরিচালনা এবং নির্ধারিত করিডোর ব্যবহারের প্রয়োজনীয় অনুমোদন প্রদান করেছে।
বর্তমানে দুই দেশের মধ্যে সরাসরি যাতায়াতের ব্যবস্থা না থাকায় ভ্রমণকারীদের দুবাই, দোহা বা কলম্বো হয়ে ট্রানজিট হাব ব্যবহার করতে হয়। এতে ৮ থেকে ১২ ঘণ্টা সময় লাগার পাশাপাশি খরচও পড়ে অনেক বেশি। সরাসরি ফ্লাইট চালু হলে মাত্র ৩ থেকে ৪ ঘণ্টায় গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে, যা সময় ও অর্থ উভয়েই সাশ্রয় করবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত কয়েক মাস ধরে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় আলোচনার পর এই উদ্যোগ সফল হয়েছে। ২০১২ সালের পর এটিই হবে ঢাকা ও করাচির মধ্যে প্রথম সরাসরি বিমান চলাচল। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার হওয়ার প্রেক্ষিতেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই সরাসরি যোগাযোগ শুধু যাতায়াত সহজ করবে না, বরং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সংযোগ ও দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন