বেতন বৃদ্ধিতে সক্ষমতা যাচাই ও সংস্কারের আহ্বান টিআইবির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ১০:১১ পিএম
বেতন বৃদ্ধিতে সক্ষমতা যাচাই ও সংস্কারের আহ্বান টিআইবির

সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধির উদ্যোগ যৌক্তিক হলেও এর অতিরিক্ত বোঝা বইবার মতো অর্থনৈতিক সক্ষমতা যাচাইয়ের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 

রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এই আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রজাতন্ত্রের কর্মচারীদের পেশাগত উৎকর্ষ এবং যাদের অর্থে বেতন প্রদান করা হয়, সেই সাধারণ মানুষের সহজ সেবা প্রাপ্তি নিশ্চিতে জনপ্রশাসনে প্রয়োজনীয় সংস্কার ও দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। একই সাথে সরকারি খাতে দুর্নীতি ও অনিয়ম রোধে কার্যকর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে সংস্থাটি।

টিআইবি আরও বলছে, সংস্কার ও জবাবদিহি নিশ্চিত করা না হলে নতুন বেতন কাঠামো ঘুষ ও দুর্নীতির প্রিমিয়াম বৃদ্ধির অব্যর্থ হাতিয়ারে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। জনগণের করের টাকায় বেতন বৃদ্ধি যেন কেবল সুবিধাভোগীদের তুষ্ট না করে প্রকৃত সেবার মান বাড়াতে ভূমিকা রাখে, সেদিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

ইএইচ