শ্রম অভিবাসনে সহযোগিতা জোরদারের আহ্বান আসিফ নজরুলের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১১:১১ পিএম
শ্রম অভিবাসনে সহযোগিতা জোরদারের আহ্বান আসিফ নজরুলের

শ্রম অভিবাসনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

রোববার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ‘আবুধাবি ডায়ালগ ২০২৬’-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান।

আবুধাবি ডায়ালগে বক্তব্য দেওয়ার পাশাপাশি ড. আসিফ নজরুল সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরাতাইজেশন মন্ত্রী ড. আব্দুর রহমান আব্দুল মান্নান আল আওয়ারের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বৈঠকে উপদেষ্টা দণ্ডপ্রাপ্ত ২১২ জন বাংলাদেশি প্রবাসীকে সাধারণ ক্ষমা করায় আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

বৈঠকে বাংলাদেশিদের জন্য ভিসা সহজীকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 

সংযুক্ত আরব আমিরাতের ভিসা সীমিতকরণ নীতির কারণে বাংলাদেশ থেকে শ্রমিক প্রবাহ কমে আসার বিষয়টি তুলে ধরে আসিফ নজরুল বলেন, আমিরাতে অবস্থানরত প্রবাসীরা ভিসাজনিত নানা সমস্যায় রয়েছেন। বিশেষ করে ফ্যামিলি ভিসা, নাবিক ভিসা ও ট্রান্সফার ভিসাজনিত সমস্যাগুলো দ্রুত নিরসনে তিনি আমিরাতের মানবসম্পদ মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

এর আগে আবুধাবি ডায়ালগের অধিবেশনে দেওয়া বক্তব্যে উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ শ্রম প্রেরণকারী দেশ। রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে প্রবাসীরা নিজ দেশের পাশাপাশি গন্তব্য দেশগুলোর অর্থনীতিতেও অবদান রাখছেন। তবে কিছু কর্মী এখনো শোষণ ও অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন, যা প্রেরণকারী ও গ্রহণকারী দেশের যৌথ প্রচেষ্টায় সমাধান করা সম্ভব।

এ সময় তিনি সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে শতভাগ ডিজিটাল ওভারসিজ এমপ্লয়মেন্ট পোর্টাল চালু, আন্তর্জাতিক মানের দক্ষতা প্রশিক্ষণ এবং প্রতারণামূলক নিয়োগের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের বিষয়টি উল্লেখযোগ্য। ড. আসিফ নজরুল অভিবাসীদের নৈতিক নিয়োগ ও মানবিক মর্যাদা রক্ষায় দেশগুলোর যৌথ প্রতিশ্রুতির ওপর জোর দেন।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি দুবাইয়ে আবুধাবি ডায়ালগের অষ্টম মন্ত্রী পর্যায়ের সভা শুরু হয়। ১৭টি সদস্য দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা এতে অংশ নিচ্ছেন। এর আগে উপদেষ্টা পাকিস্তানের ফেডারেল মন্ত্রী চৌধুরী সালিক হোসাইন ও ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব মাইগ্র্যান্ট ওয়ার্কার্সের সচিব হ্যান্স লিও ক্যাকডাকের সাথে পৃথক বৈঠক করেন।

ইএইচ