ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি রাতে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমার।
ইউরোপীয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে এ ভূমিকম্প রেকর্ড করা হয়।
সংস্থাটির তথ্যানুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমারের ২০ দশমিক ৪৮৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৩ দশমিক ৯৫৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠের প্রায় ৫৭ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তে শহর থেকে প্রায় ১১৭ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে এবং ইয়েনানগিয়াং শহর থেকে প্রায় ৯৫ কিলোমিটার পশ্চিমে।
এ কম্পনে মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের কয়েকটি জেলা কেঁপে ওঠে। প্রাথমিক তথ্যে চট্টগ্রাম ও কক্সবাজারে তীব্র কম্পন অনুভূতের খবর পাওয়া গেছে। এ ছাড়া রাজধানী ঢাকাতেও অনেক মানুষ কম্পন অনুভব করার কথা জানিয়েছেন। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন