আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের পর ১৫ বা ১৬ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হতে পারে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সোমবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
উপদেষ্টা পরিষদের শেষ বৈঠকের পর তিনি জানান, নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। এরপরই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব বুঝিয়ে দেবে।
ফাওজুল কবির খান আরও জানান, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য কে পাঠ করাবেন সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ ক্ষেত্রে প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার শপথ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করেছিল বর্তমান অন্তর্বর্তী সরকার। দীর্ঘ সংস্কার প্রক্রিয়া শেষে এখন তারা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে।
ভোটের মাত্র দুই দিন আগে সোমবার সকালে সচিবদের সাথে বৈঠক এবং বিকেলে উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পাশাপাশি পরবর্তী প্রশাসনিক কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তরের এই ঘোষণা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক উত্তরণের পথে একটি ইতিবাচক বার্তা বহন করছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন