ত্রয়োদশ সংসদের প্রধানমন্ত্রী তারেক রহামানের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার জন্য ফোন পেয়েছেন অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
মঙ্গলবার সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নিয়ে নাটকীয়তার মধ্যেই খলিলকে টেকনোক্র্যাট মন্ত্রী করা হচ্ছে বলে সংবাদ মাধ্যমে প্রচার শুরু হয়। তিনি পররাষ্ট্র মন্ত্রী হচ্ছেন বলেও খবর প্রকাশ করে কয়েকটি সংবাদমাধ্যম।
এ বিষয়ে খলিলুর রহমান গণমাধ্যমকে জানান, “এখনই এ নিয়ে কথা বলা ঠিক নয়।”
মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন কিনা–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রীদের শপথের সময় বিকাল সাড়ে ৪টায় এ বিষয়ে কথা বলা ঠিক হবে না।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের তিনি মাসের মাথায় ২০২৪ সালের ১৯ নভেম্বর সাবেক কূটনীতিক খলিলুর রহমানকে উপদেষ্টার মর্যাদায় রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত ‘হাই রিপ্রেজেন্টেটিভের’ দায়িত্ব দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
জাতিসংঘে বিভিন্ন দায়িত্ব পালন করা পররাষ্ট্র ক্যাডারের সাবেক এই কর্মকর্তা ২০০১ সালে তৃতীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে কাজ করেছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির ডিগ্রিধারী খলিলুর ১৯৭৮-৭৯ সালে আমেরিকান এক্সপ্রেস ইন্টারন্যাশনাল ব্যাংকে নির্বাহী পদে চাকরিরত ছিলেন। প্রথম বিসিএসের মাধ্যমে ১৯৭৯ সালে তিনি পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন।
১৯৮০-৮৩ সালে তিনি যুক্তরাষ্ট্রের টাফটস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন ও আইন ও কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি করেন।
পরে গত বছরের ১০ এপ্রিল তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও দেওয়া হয়। তখন তার পদবি হয় ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ’।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন