জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১১:৩৬ এএম
জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

বুধবার সকালে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা।

দিনের শুরুতে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সকাল ১০টায় সাভারের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যরাও।

প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগে থেকেই পুরো এলাকা ঘিরে রাখেন এবং দর্শনার্থীদের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১টার দিকে সচিবালয়ে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন তিনি। এরপর বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে নতুন প্রধানমন্ত্রীর।

দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, দিনের নির্ধারিত কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দফতরগুলোকে আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন সরকারের কার্যক্রম শুরুর প্রথম দিনেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব পালনের সূচনা করলেন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা।

এএন