আহলান সাহলান, মাহে রমাদান। রমজানের পবিত্রতা, সংযম ও ভ্রাতৃত্ব রক্ষার আহ্বানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দুয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে র্যালিটি উপজেলা জামায়াত অফিস থেকে শুরু হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেষ হয়। এই র্যালিতে নেতৃত্ব দেন মো. খায়রুল কবির নিয়োগী।
তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ আসনের ১১ দলীয় জোট তথা জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ছিলেন। র্যালি পরবর্তী আলোচনা সভায় খায়রুল কবীর নিয়োগী বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মুসলমানদের মাঝে আসে রমজান মাস।
রমজান উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি উল্লেখ করেন, অসাধু ব্যবসায়ীরা যেন নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ইফতার সামগ্রীর দাম বাড়াতে না পারে, সে জন্য উপজেলা প্রশাসনকে কঠোর ও কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং বাজারে সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।
এ ছাড়া দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং অশ্লীলতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় উপজেলা জামায়াতের আমীরসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন