ফ্যামিলি কার্ডের প্রকৃত সুবিধাভোগীরা যেন কোনোভাবেই বঞ্চিত না হন এবং তালিকা প্রণয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অনিয়ম বা ভুয়া নিবন্ধন প্রতিরোধে কঠোর নজরদারি চালুর কথাও উল্লেখ করেছেন তিনি।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভায় তিনি এ আহ্বান জানান। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করতে হলে একটি সমন্বিত পরিবারভিত্তিক তথ্যভান্ডার গড়ে তোলা জরুরি।
এসময় সভায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের অগ্রগতি, ডাটাবেজ হালনাগাদ, উপকারভোগী চিহ্নিতকরণ এবং বিতরণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জানানো হয়, ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আওতায় নিম্নআয়ের পরিবারগুলোকে নির্দিষ্ট পণ্য ও সহায়তা সুবিধা প্রদানের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডারসহ বিভিন্ন সরকারি ডাটাবেজ সমন্বয়ের কাজ এগিয়ে চলছে।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানানো হয়, শিগগিরই ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের বিস্তারিত নির্দেশিকা ও বাস্তবায়ন রূপরেখা প্রকাশ করা হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন