ভূমিমন্ত্রী

৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৩:১৭ পিএম
৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে

আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে জানিয়ে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি সেবা নিয়ে মানুষের মনে সন্দেহ-অবিশ্বাস আছে, তা দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার সকাল ১১টায় তেজগাঁওস্থ ভূমি ভবনে অবস্থিত সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টারের (১৬১২২) কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, কলসেন্টারের ব্যাপক প্রচার দরকার যাতে প্রান্তিক মানুষ ভূমিসেবা থেকে বঞ্চিত না হয়। সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টারের সেবার পরিধি বাড়াতে হবে যাতে প্রতিদিন কমপক্ষে ২০০০ মানুষ এই সেবা পায়, যা বর্তমানে ২০০-৩০০ জনে সীমাবদ্ধ আছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সেবাখাতে ঘুষ-দুর্নীতি বন্ধ করতে চাই, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে।

মন্ত্রী ও প্রতিমন্ত্রী সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবা আধুনিকরণে বিভিন্ন নির্দেশনা দেন। এসময় ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন। 

পরবর্তীতে ভূমি ভবনের সভাকক্ষে সিনিয়র সচিব এ এস এস সালেহ আহমেদের সভাপতিত্বে প্রকল্প পরিচালকদের অংশগ্রহণে ১৬৩তম পিডি সভা অনুষ্ঠিত হয়।সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিভিন্ন প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ দেন এবং ভূমিসেবা সহায়তা কেন্দ্র, ভূমি অ্যাপ আরও জনবান্ধব করার জন্য নির্দেশনা দেন।

এএন