এবার সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৪০ করার দাবি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৩:৫২ পিএম
এবার সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৪০ করার দাবি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৪০ বছর করার দাবিতে বুধবার ঢাকায় বিশ্ববিদ্যালয় জুড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় জমায়েত হয়ে এ কর্মসূচি সম্পন্ন করেন। এর আগে তারা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন।

অবস্থানকালে উপস্থিত চাকরিপ্রার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা বয়সসীমা বৃদ্ধি করতে আন্দোলন করে আসছেন। পূর্বে অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত পর্যালোচনা কমিটি সুপারিশ করেছিল, সরকারি চাকরিতে ছেলেদের জন্য বয়সসীমা ৩৫ বছর এবং মেয়েদের জন্য ৩৭ বছর করা হোক।

তবে পরে সারজিস আলম ও অন্যান্য ছাত্র উপদেষ্টাদের দাবির প্রভাবে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ বছর নির্ধারণ করা হয়। সেই সময় তারা বুঝতে পারেন যে অন্তর্বর্তী সরকার তাদের দাবি মানবে না। তাই নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করা হচ্ছে।

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ থেকে ৪০ করার যৌক্তিকতা ব্যাখ্যা করে তারা বলেন, করোনার কারণে তিন বছর সরকারি চাকরির কোনো সার্কুলার প্রকাশ হয়নি। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরও দুই বছরের সেশন জট ছিল। এতে শিক্ষার্থীদের প্রায় পাঁচ বছরের সময় নষ্ট হয়েছে। তারা দাবি করেন, এই নষ্ট হওয়া সময় ফেরাতে এবং পূর্বে সুপারিশকৃত বয়সসীমার সঙ্গে সামঞ্জস্য রাখতে প্রবেশ বয়স ৪০ করা হোক।

প্রার্থীরা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও দীর্ঘ ১৭ বছর সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন, তাই তিনি শিক্ষার্থীদের সমস্যার গুরুত্ব বুঝবেন। এছাড়া প্রধানমন্ত্রী উচ্চমানের শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাচ্ছেন। এই কারণেই তারা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান, সব বিষয় বিবেচনা করে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৪০ করা হোক।

এএন