আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা থেকে প্রায় দেড় কোটি মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সড়ক, রেল ও নৌপথে সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার সচিবালয়ে ঈদযাত্রা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, স্বল্প সময়ে বিপুল সংখ্যক মানুষের যাতায়াত একটি বড় চ্যালেঞ্জ হলেও আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আরও সুশৃঙ্খল ব্যবস্থাপনার পরিকল্পনা করা হয়েছে।
ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন বিষয়টি তদারকিতে থাকবে। পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, সমিতির নামে নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো অবৈধ অর্থ আদায় করলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই। বিশেষ করে এসি বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
যানজট কমাতে পোশাক কারখানার ছুটি ধাপে ধাপে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী ১৬ মার্চ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকার গার্মেন্টস কারখানায় ছুটি কার্যকর করা হবে। পাশাপাশি মহাসড়কের ওপর অস্থায়ী দোকানপাট, যত্রতত্র পার্কিং এবং থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন কাজ করবে। ঈদের আগে ও পরে কয়েক দিন পচনশীল দ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া ভারী ট্রাক ও লরি চলাচল সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সড়কের অবস্থা সম্পর্কে তিনি জানান, ঢাকার প্রবেশপথসহ মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো ঈদের অন্তত ১০ দিন আগেই মেরামতের জন্য প্রকৌশলীদের নির্দেশ দেওয়া হয়েছে। টোল প্লাজায় যানজট কমাতে প্রয়োজনে আগাম টিকিট ব্যবস্থা চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এ ছাড়া নৌপথে সদরঘাটের চাপ কমাতে বসিলা ও কাঞ্চনঘাটে দুটি অস্থায়ী স্টেশন চালু করা হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের যাতায়াত সহজ করতে বিআরটিসির বিশেষ বাস প্রস্তুত রাখা হবে এবং বাস টার্মিনাল ও মহাসড়কে যাত্রী হয়রানি রোধে মোবাইল কোর্টের সংখ্যাও বাড়ানো হয়েছে।
রেলওয়ের লেভেল ক্রসিংগুলোতেও সময় ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ক্রসিংয়ের কারণে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি না হয়।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন